বান্দরবান-চন্দ্রঘোনা-রাঙ্গামাটি সড়কে ভাড়ায়চালিত চাঁদের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় তিন তরুণী আহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, ভাড়া করা চাঁদের গাড়িতে ১৭ জনের তরুণ-তরুণী ছিলেন। তারা রুমার বগা লেক ঘুরে জেলা সদর হয়ে রাজস্থলীর দিকে বাড়িতে ফিরছিলেন।
পথে দুর্বৃত্তরা তাদের গাড়িতে গুলিবর্ষণ করে। গুলিতে চাকা ফেটে গাড়িটি পাহাড়ের খাদে পড়ে তিন তরুণী আহত হন।
তিনি আরও জানান, যাত্রীবাহী গাড়িটি উদ্ধার করা হয়েছে। সেটি সেনাবাহিনীর হেফাজতে আছে। এ ব্যাপারে ভুক্তভোগীদের মধ্যে কেউ এখনো পর্যন্ত মামলা দায়ের করেনি। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর দল টহলরত আছেন।
এদিকে বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আকতার জানিয়েছেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। চাঁদের গাড়িতে থাকা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর। তারা স্থানীয়। বান্দরবানে ঘুরতে এসেছিলেন। তাদের সঙ্গে পাহাড়ের কোনো সংগঠনের কোন দ্বন্দ্ব আছে কিনা সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
এদিকে আবাসিক হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল জানিয়েছেন, যে এলাকায় ঘটনাটি ঘটেছে সে এলাকাটি পর্যটন এলাকায় নয়। এটা বিচ্ছিন্ন ঘটনা। এটা পর্যটনের উপর কোনো প্রভাব পড়বে না। এ ঘটনায় আতঙ্কিত হয়ে কোনো পর্যটক হোটেল মোটেল-ছেড়ে গেছে এ রকম খবর পাওয়া যায়নি। পর্যটকেরা সকাল থেকে আসছেন। সবকিছু স্বাভাবিক অবস্থায় আছে।
