দিনাজপুরের পার্বতীপুরে মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গ্রামবাসী গণপিটুনি দিয়ে অভিযুক্তকে পুলিশে সোপর্দ করেছেন।
এ ঘটনায় রবিবার ওই ছাত্রীর মা পার্বতীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। ভিকটিমকে বিকেলে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের এক গ্রামে। অভিযুক্ত একই গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে আব্দুর রহমান বাবলু (৪৬)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাবলু তার বাড়িতে স্ত্রী-স্বজনরা না থাকায় নিজে ভাত রান্নার পর প্রতিবেশীর বাড়িতে গিয়ে আলু ভর্তা করে দিতে ওই ছাত্রীকে ডেকে নিয়ে যায়। ছাত্রীটি বাবুলকে সাহায্য করতে তার বাড়িতে গেলে ধর্ষণের শিকার হয়। এ সময় সে চিৎকার দিলে তার মাসহ গ্রামবাসী ছুটে আসে এবং ঘটনা জানতে পেরে বাবলুকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছে। ধর্ষক বাবলুকে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
