চাঁদপুরে ৪২০০ বস্তা সিমেন্টসহ কার্গোডুবি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১২:১৩ এএম

চাঁদপুরে সিমেন্ট বোঝাই একটি মালবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। গতকাল রবিবার ভোরে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরাবাজার এলাকায় ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে।

এ সময় কার্গো জাহাজে থাকা তিনজন নদী সাঁতরে পাড়ে উঠে জীবন রক্ষা করে। তারা হলেন সুকানী সুরুজ মিয়া, শ্রমিক মহিউদ্দিন ও কার্গোর লস্কর আল আমিন।

কার্গোর লস্কর আল আমিন বলেন, শনিবার দুপুরে এমভি নিউ শাহ পরান নামের মালবাহী জাহাজে করে ৪ হাজার ২শ’ বস্তা সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জের মুক্তারপুর থেকে লক্ষ্মীপুরের রায়পুরের উদ্দেশ্যে রওনা হই। পথে রাতে চাঁদপুরের বাগরাবাজার ডাকাতিয়া নদীতে এলে বৃষ্টি শুরু হওয়ায় জাহাজটি নোঙর করে রাখি। রাতভর ভারী বর্ষণে রবিবার ভোরে জাহাজের ভেতরে পানি ঢুকে যায়। এক পর্যায় জাহাজে থাকা ৪ হাজার ২শ বস্তা সিমেন্টসহ নদীতে তলিয়ে যায়। এ সময় নদীতে ঝাঁপিয়ে সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পাই।

চাঁদপুর নৌ-থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, সিমেন্টবোঝাই কার্গো জাহাজডুবির বিষয়ে কেউ আমাদের জানায়নি। এ ঘটনায় মালিকপক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত