ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় রাজস্ব কর্মকর্তা নিহত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪২ এএম

দিনাজপুরের হিলি স্থল শুল্ক স্টেশন থেকে বাড়ি যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রাজস্ব কর্মকর্তা শাহাদৎ হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আমিনুল ইসলাম নামে তার এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও সিপাহি হরিদাশ আহত হয়েছেন। গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী রেলগেট এলাকায় এই দুর্ঘটনটি ঘটে। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। সৈয়দপুরে তার পরিবার নিয়ে বসবাস করতেন। স্থানীয় ও কাস্টম সূত্রে জানা গেছে, ছেলে অসুস্থ থাকায় শনিবার সন্ধ্যায় কাজ শেষে হিলি স্থল শুল্ক স্টেশন থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন রাজস্ব কর্মকর্তা শাহাদৎ হোসেন। এ সময় তার সঙ্গে একই মোটরসাইকেলে সহকারী রাজস্ব কর্মকর্তা আমিনুল ইসলাম ও সিপাহি হরিদাশ রওনা হন। পথে ফুলবাড়ী রেলগেট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহাদৎ হোসেনের মৃত্যু হয়।

সাভারে প্রাইভেট কারসহ নদীতে ডুবে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু : সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে ডুবে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম ভোলা দাস। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুজনকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনির হোসেন। এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া সড়কের মরাগাং এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। ভোলা দাস আশুলিয়ার জিরাবো এলাকায় থেকে স্বর্ণের ব্যবসা করতেন বলে জানা গেছে। 

রাজধানীতে দুই বাসের সংঘর্ষে আহত ১২ : রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে দুই বাসের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে শিশুসহ বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার বেলা আড়াইটার দিকে কুতুবখালী পকেট গেট এলাকায় লাব্বাইক ও ঠিকানা পরিবহনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদা রহমান জানান, দুটি বাস সাইনবোর্ড থেকে ছেড়ে কুতুবখালী পকেট গেট এলাকায় এলে একটি যাত্রীবাহী বাস আরেকটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত