কুতুবদিয়ায় কেন্দ্র দখল নিয়ে গোলাগুলিতে নিহত ১, আহত ১৫

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০১:২৮ পিএম

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় নির্বাচনে কেন্দ্র দখল নিতে দুই পক্ষের গোলাগুলিতে আবু হালিম (৪০) নামে একজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের পিলটকাটা কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর হায়দার বলেন, কেন্দ্র দখলের ঘটনায় উভয় পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছে।

তবে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নৌকা প্রার্থীর সমর্থকেরা দুপুরে কেন্দ্র দখল করতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়।

গুলিবিদ্ধ অবস্থায় আবু হালিমকে কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানা যায়নি। 

নিহত আবু হালিম ওই কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালামের নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে। 

রিটার্নিং অফিসার জামশেদুল ইসলাম সিকদার বলেন, ওই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। পরিস্থিতি শান্ত হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত