করোনা চিকিৎসায় কেলেঙ্কারি ও সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদও আসামি হচ্ছে।
সোমবার ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের নাম অন্তর্ভুক্ত করে রিজেন্ট মামলায় ৬ জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা গেছে, এই সপ্তাহের মধ্যে চার্জশিট আদালতে জমা দেওয়া হবে।
সূত্র জানায়, মামলার তদন্তে আবুল কালাম আজাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকেও আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে।
অভিযোগপত্রের অপর আসামিরা হলেন- স্বাস্থ্য অধিদপ্তর সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক (হাসপাতাল-১) মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা মো. দিদারুল ইসলাম।
প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গত বছর জুলাই মাসে বন্ধ করে দেওয়া হয় রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখা।প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গত বছর জুলাই মাসে বন্ধ করে দেওয়া হয় রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখা।
করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও চিকিৎসায় খরচ বাবদ মোট তিন কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছর ২৩ সেপ্টেম্বর পাঁচজনকে আসামি করে এ মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী।
সেখানে আবুল কালাম আজাদের নাম না থাকলেও তদন্ত শেষে অভিযোগপত্রে তাকেও আসামি করা হচ্ছে।
