যুবলীগ নেতার নকশাবিহীন ভবন নির্মাণকাজ বন্ধ করে দিলেন উপজেলা প্রশাসন। ১৮সেপ্টেম্বর দৈনিক দেশ রূপান্তর অনলাইনে ‘যুবলীগ নেতার নকশা বিহীন ভবন নির্মাণ বন্ধে বাবা গেলেন আদালতে’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান সরেজমিন পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ করতে ভবন নির্মাণকারী যুবলীগ নেতা ওমর ফারুককে লিখিত চিঠি দেন। নকশাবিহীন অবৈধ ভবন নির্মাণকাজ বন্ধ রাখতে এবং অদ্য পর্যন্ত নির্মিত স্থাপনা নিজ দায়িত্বে ভেঙে অপসারণ করার জন্য বলা হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য যে, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য ওমর ফারুক দাউদকান্দি পৌর ভবন এবং উপজেলা পরিষদের নাকের ডগায় নকশাবিহীন ভবন নির্মাণকাজ করছিলেন। নকশা বহির্ভূত কাজ করা এবং বিনা অনুমতিতে অন্যের গাছ কাটায় উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ করেছেন প্রতিবেশী পৌর আ. লীগের সাধারণ সম্পাদক শাজাহান মিয়া।
অপরদিকে নির্মাণকাজ বন্ধ রাখতে আদালতের নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছেন নির্মাণকারী পিতা ফজলুল করিম।
