অক্টোবরের প্রথম দিনেই খুলছে শেকৃবির আবাসিক হল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৫ পিএম

সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ১ অক্টোবর থেকে খুলছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সব আবাসিক হল। 
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া। 

এ সময়ে উপাচার্য আরো জানান, ৩০ সেপ্টেম্বরের পর অনলাইনে চলমান সব ক্লাস ও পরিক্ষা কার্যক্রম স্থগিত করা হবে এবং পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে সব একাডেমিক কার্যক্রম শুরুর জন্য ডিন ও বিভাগীয় প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। যেসব বিভাগে বিদেশী শিক্ষার্থী রয়েছে, তারা ক্যাম্পাসে ফেরার পর সেসব বিভাগের কার্যক্রম শুরু করা হবে।

তিনি জানান, হলে প্রবেশের জন্য শিক্ষার্থীদের টিকা গ্রহণের ডকুমেন্টের কপি নিয়ে আসতে হবে এবং এ সময়ের মধ্যে যারা টিকা নেয়নি, তারা টিকা নেবে কিংবা যারা রেজিস্ট্রেশন করেনি, তাদের ২৭ তারিখের মধ্যে ইউজিসির দেওয়া চাহিদাপত্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি এবং কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, হলে বহিরাগত এবং অছাত্ররা যাতে অবস্থান না করতে পারে আমরা এ বিষয়ে পদক্ষেপ নেব। কোনো গণরুম থাকবে না এবং ডাইনিং-ক্যান্টিনসহ কোনো স্থানে যেন অতিরিক্ত শিক্ষার্থী  জমায়েত করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত