রাজধানীর ওয়ারীতে একটি বাসায় ৭বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার জানান, শিশুটির পরিবার ওই এলাকার একটি বাসায় ভাড়া থাকে। মঙ্গলবার সন্ধ্যায় বাসার সামনে আরেক শিশুর সাথে শিশুটি খেলছিল। তখন অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে পাশের একটি বাড়ির ৪তলায় নিয়ে যায়। সেখানে সিঁড়ির পাশে শিশুটিকে ধর্ষণ করে ওই ব্যক্তি।
ওসি জানান, পরে সেখান থেকে অসুস্থ অবস্থায় বাসায় ফিরলে শিশুটির বাবা রাতেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। তবে সেখানে ভর্তি না রেখে আবার বাসায় নিয়ে যাওয়া হয় তাকে। বুধবার সকালে শিশুটিকে আবার হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয়।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি বোর্ড গঠন করে ঘটনাটির তদন্ত করা হচ্ছে। খুব দ্রুতই আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে।
হাসপাতালের ওসিসির একটি সূত্র জানায়, শিশুটির অবস্থা গুরুতর। তার যৌনাঙ্গে মারাত্মক ক্ষত হয়েছে।
