কর্মশালায় তাজুল

দেশের মানুষের কল্যাণে সব প্রকল্প বাস্তবায়ন হবে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১১:৪১ পিএম

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশ ও মানুষের জন্য কল্যাণকর যেকোনো প্রকল্পে উন্নয়ন সংস্থার অর্থায়ন না পেলেও সরকার নিজস্ব অর্থায়নে তা বাস্তবায়ন করবে। গতকাল বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট (আইএসপিপি) যতœ প্রকল্পের অধীন একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের জন্য যা মঙ্গলকর এবং লাভজনক এমন প্রকল্পে যদি বিদেশি কোনো সংস্থা অর্থায়ন না করে তাহলে আমরা কি সেই প্রকল্প নেব না! অবশ্যই নিতে হবে এবং সরকার তা নিচ্ছে, কারণ সেই সক্ষমতা আমাদের রয়েছে। দেশ ও মানুষের উন্নয়নে অনেক প্রকল্প নেওয়া হচ্ছে। উদ্দেশ্য ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ। শুধু প্রকল্প নিয়ে নিলেই হবে না, এগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রকল্প নেওয়া হয় আবার শেষও হয়। কিন্তু প্রকল্প থেকে শিক্ষা নিতে হবে এবং প্রকল্পের গুড প্র্যাকটিসগুলো পরবর্তীতে কাজে লাগাতে হবে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভাগুলো শক্তিশালী করার কোনো বিকল্প নেই। এগুলোকে শক্তিশালী বা ক্ষমতায়নের মাধ্যমে দেশের চিত্র পরিবর্তন করা সম্ভব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত