বিকট শব্দে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তারা ধস, আহত ২

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৫ পিএম

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ২০ শয্যা ভবনের ছাদের পলেস্তারা ধসে পড়েছে। এতে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মচারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস কক্ষে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক মো. রেজাউল ইসলাম (৪০) ও হারবাল অ্যাসিস্ট্যান্ট মো. হান্নান (৪৫)।

আহত হান্নান জানান, অফিসে কাজ করার সময় ছাদের পলেস্তারা ধসে মাথায় পড়ে। এতে শরীরে বিভিন্ন স্থানে আঘাত পেয়েছি। চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে চলে আসছি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলী জানান, ঘটনার সময় আমি আমার রুমে ছিলাম। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। বর্তমানে তারা শঙ্কামুক্ত।

তিনি আরও বলেন, সত্তরের দশকে নির্মিত হাসপাতালের এই পুরোনো ভবনটিতে ২০ শয্যার পুরুষ ও নারী ওয়ার্ড। দীর্ঘদিন ধরেই ভবনের জীর্ণ অবস্থা। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিক ভাবে অবহিত করা হয়েছে। ৫ বছর পূর্বে কিছু সংস্কার করা হয়েছে কিন্তু তার পর আর কোন কাজ হয়নি।

বরিশালের স্বাস্থ্য প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, দুই সপ্তাহ পূর্বে ওই স্বাস্থ্য কমপ্লেক্সটি স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মো. মনিরুজ্জামান মোল্লা স্যারের সঙ্গে পরিদর্শন করেছি। ভবনটি পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, দ্রুত বিষয়টি সমাধান করার জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি এবং আহতদের সুচিকিৎসার দেওয়ার জন্য বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত