‘ক্ষমা করো’ লিখে পাবিপ্রবির শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৫ পিএম

সুইসাইড নোটে ‘বাবা-মা ক্ষমা করো, গুড বাই’ লিখে গলায় ফাঁস দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের শালগাড়িয়া মেরিল বাইপাস এলাকার একটি ছাত্রাবাস থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ওই শিক্ষার্থীর নাম তাহমিদুর রহমান জামিল (২২)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহীবাগ এলাকার বজলার রহমানের ছেলে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন জামিল।

পুলিশ জানায়, তার কক্ষ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত নোটে লেখা ছিল- ‘বাবা-মা ক্ষমা করো, গুড বাই।’ এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সহপাঠীদের বরাত দিয়ে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, শহরের শালগাড়িয়া মেরিল বাইপাস এলাকার ‘সাফল্য’ ছাত্রাবাসে থাকতেন শিক্ষার্থী জামিল।

পারিবারিক বিষয় নিয়ে কিছুদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যার পর ছাত্রাবাসে নিজের কক্ষে ফ্যানের হুকের সঙ্গে ব্যাগের বেল্ট গলায় পেঁচিয়ে জামিল আত্মহত্যা করেন।

তার সাড়াশব্দ না পেয়ে কক্ষের দরজা খুলে তাকে ঝুলতে দেখে থানায় খবর দেন সহপাঠীরা। পরে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু বলেন, পারিবারিক কারণে না অন্য কোনো কারণে আত্মহত্যা করেছেন বিষয়টি আমি আইনশৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত