স্কুলছাত্রীর বিবস্ত্র লাশ, পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৭:০১ পিএম

সাতক্ষীরার দেবহাটায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৬) হাত বাধা বিবস্ত্র লাশ পরিত্যক্ত ভবন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট গ্রামের তারক মণ্ডলের বাগান থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করেছে।

ওই ছাত্রী সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট গ্রামের বাসিন্দা ও সাতক্ষীরা সদরের গাভা একেএম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

ওই ছাত্রীর বাবা জানান, তার দুই মেয়ে বাড়ি থেকে বাইসাইকেলে বিদ্যালয়ে যাতায়াত করত। দুই বোন একই গ্রামের দেবদাস ঢালীর কাছে প্রতিদিন সন্ধ্যায় প্রাইভেট পড়তে যেত। রাত ৯টায় বাড়ি ফিরে আসত।

ওই ছাত্রীর বোন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ও তার বোন একসঙ্গে প্রাইভেট পড়তে বের হন। নদী পার হওয়ার পর তিনি তার বোনকে আর দেখতে পায়নি। পরে প্রাইভেট শিক্ষকের কাছে বিষয়টি বলে সে বাড়িতে ফিরে আসে। রাত ৯টার দিকে বাবা ও স্থানীয়রা দিদিকে খুঁজতে বের হয়। সম্ভাব্য সকল স্থানে চেষ্টা করেও রাতে তাকে খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার সকালে একই গ্রামের তারক মণ্ডলের নির্মিত নতুন বাড়ির পাশে পুকুর পাড়ে তাকে বিবস্ত্র ও হাত বাধা অবস্থায় দেখতে পেয়ে এক নারী বাড়িতে খবর দেয়।

তিনি আরও জানান, তাদের প্রতিবেশী সাতক্ষীরা ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত পার্থ মণ্ডলের সঙ্গে তার দিদির প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার দিদির মোবাইল ফোনে একটি ম্যাসেজ আসার পর সে আর স্যারের কাছে পড়তে যায়নি।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক ফরিদ হোসেন জানান, ওই ছাত্রীর দুই হাত বাধা ছিল। গলায় ওড়না প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে মোবাইল ফোনে ডেকে এনে ধর্ষণের পর করে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওই ছাত্রীর ব্যবহৃত মোবাইল ফোনে পাওয়া একটি ম্যাসেজ ও মোবাইল কললিস্ট যাচাই করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয় কুলিয়া ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের সদস্য ভরত চন্দ্র সরকার জানান, বিকেলে র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্থানীয় দেবব্রত ঢালী (৪০) কে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত