ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দেওয়া হবে: গাজীপুর মেয়র

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৩ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ষড়যন্ত্রকারীরা যত বড় আর শক্তিশালীই হোক, তাদের মুখোশ একদিন খুলে দেওয়া হবে।

তিনি বলেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কুৎসা রটনা করছে জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করা হবে।

গাজীপুর মেয়র বলেন, তারা অনেককেই ভুল বুঝিয়েছে। মিথ্যা আইডি দিয়ে ফেইসবুক খুলে আমাকে এবং আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করেছে।

‘জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রাউন জুয়েল বা মুকুটমনি হিসেবে আখ্যায়িত হওয়ায়’ শুক্রবার বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় বোর্ডবাজার ইউটিসি বালুর মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের জন্য জীবন দিতে প্রস্তুত। বঙ্গবন্ধু আমাদের এ জন্মভূমি উপহার দিয়েছেন। আমি তার ছবি দেখে, কথা শুনে বাবা-মা যখন আমাকে কথা বলতে শিখিয়েছেন, তখন থেকেই বঙ্গবন্ধুকে ভালোবাসতে শিখেছি। বঙ্গবন্ধুর ব্যাপারে আমি কোনো আপস করবো না।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে কম বয়সে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে এনেছেন। আমাকে গাজীপুর সিটি মেয়র পদে নৌকার মনোনয়ন দিয়েছেন মানুষের সেবা করার জন্য।

স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী আব্দুর রশীদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম মোকছেদুল আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক এসএম আলতাফ হোসেন প্রমুখ।

এর আগে বেলা সাড়ে ৩টার দিকে মেয়র জাহাঙ্গীর আলমের সমর্থনে একটি মিছিল বোর্ডবাজারের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেইটের কাছে এসে পৌঁছালে একদল যুবক লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলা চালায়। এ সময় তারা দুটি পিকআপ ও একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। এতে অন্তত পাঁচজন আহত হয়।

এর কিছুক্ষণ পরেই বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জাহাঙ্গীর আলমের মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে নেতাকর্মীরা ছোটাছুটি করতে থাকে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হন। এরা হলেন- ৯নং ওয়ার্ডের আবু সাইদ, এমদাদুল হক, রাকিব হাসান, রনি ও সবুজ, ১০নং ওয়ার্ডের ইসমাইল হোসেন ও সাঈদ মিয়া।

আহতদের কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বিঘ্নিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত