চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এ সময় তিনি বলেছেন, বে টার্মিনাল চালু হলে আরও গতিশীল হবে দেশের অর্থনীতি। দেশি-বিদেশি বিনিয়োগের সঙ্গে কর্মসংস্থানও বাড়বে। গতকাল শুক্রবার নগরীর হালিশহর এলাকায় এ প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, চট্টগ্রাম বন্দরের সদস্য মো. জাফর আলম, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, বন্দরের সচিব মো. ওমর ফারুকসহ বন্দরের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
মুখ্য সচিব প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং সার্বিক অবস্থা নিয়ে বন্দর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। বন্দর চেয়ারম্যান ও অন্যরা তাকে প্রকল্পের চলমান কাজ, জমি অধিগ্রহণ পরিস্থিতিসহ অন্যান্য বিষয় তুলে ধরেন। এ সময় বন্দর কর্মকর্তারা মুখ্য সচিবকে জানান, বর্তমানে বন্দর জেটিতে জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল থাকতে হয় জাহাজ ভেড়ানোর জন্য। বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়ন হলে সেই সমস্যা আর থাকবে না। এতে আমদানি পণ্য নিয়ে আসা জাহাজের অপেক্ষমাণ সময় কমে আসবে।
