সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এক হাজং নারীকে ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্ত আব্দুল রাশিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ হাজং সংগঠন (বাহাছাস) কেন্দ্রীয় পরিষদের আয়োজনে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার পয়েন্ট ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে আদিবাসী নারীরা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়ে আসছে। কিন্তু ওই সব সহিংসতার খুব কম ন্যায় বিচার হতে দেখা যায়। যার ফলে বাংলাদেশে এক ধরনের বিচারহীনতার সংস্কৃতি লক্ষ্য করা যাচ্ছে। অপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিত না করার ফলে এসব ঘটনার বিলুপ্তি না হয়ে বরং আরও বৃদ্ধি পাচ্ছে।
বক্তারা আরও বলেন, গত ১৪ আগস্ট গোসল করতে গিয়ে হাজং নারী ধর্ষণের শিকার হন। ঘটনাটি দ্রুত নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নতুবা আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, সুনামগঞ্জ কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্র রঞ্জন তালুকদার, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক অ্যান্ড্রু সলমার, বাংলাদেশ হাজং সংগঠন (বাহাছাস), কেন্দ্রীয় পরিষদের সভাপতি জিতেন্দ্র হাজং, সাধারণ সম্পাদক পল্টন হাজং প্রমুখ।
