ফটিকছড়িতে উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৪ পিএম

ইট, মার্বেল পাথর আর টাইলসের কারুকাজে দৃষ্টিনন্দন শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয়েছে মহান মুক্তিযুদ্ধের কঠিন বাস্তবতার চিত্র। নারী ধর্ষণ, নিরপরাধ মানুষ হত্যা, বাড়িঘর লুণ্ঠন আর অগ্নিকাণ্ডের মতো মানবতাবিরোধী সব অপকর্মের চিত্র স্থান পেয়েছে এ দেয়ালে। মূলত এটি একটি স্মৃতি স্তম্ভ।

চট্টগ্রাম জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এ স্মৃতি স্তম্ভটি। এটি ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের নাজিরহাট-আজাদি বাজার সড়কের বিনাজুরীতে নির্মিত হয়েছে।

তিন বছর ধরে নির্মাণযজ্ঞ চলা এ কাজে জেলা পরিষদ তিন দফায় ৪২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ।

তিনি জানান, বিনাজুরীতে স্থানীয় খালের পাড়ে ফটিকছড়ির সাবেক ইউ.পি চেয়ারম্যান নুর আহমদ, মোহাম্মদ ইসহাক ও জসীম উদ্দিনসহ কমপক্ষে ৭ জন বীর সন্তানকে নির্মমভাবে হত্যা করে পাক হানাদার বাহিনী। মূলত তাদের স্মৃতি ধরে রাখতে এবং বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ধারণা দিতে চট্টগ্রাম জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে এ স্মৃতি স্তম্ভটি নির্মাণ করা হয়েছে। এ স্মৃতি স্তম্ভের কাজ সমাপ্ত হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর এ স্থাপনার উদ্বোধন করতে এসেছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। তিনি হঠাৎ অসুস্থবোধ করায় উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হলেও শিগগিরই জেলা পরিষদ চেয়ারম্যান এ স্মৃতি স্তম্ভের উদ্বোধন করবেন বলে জানান জেলা পরিষদের এ সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত