ফেনীর সোনাগাজী উপজেলার ডাকবাংলা কমিউনিটি সেন্টারে সোনাগাজী উপজেলা আয়োজিত এবি পার্টির কর্মী সম্মেলন ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকবাংলা কমিউনিটি সেন্টারে এবি পার্টি সোনাগাজী উপজেলা কর্মী সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নেতাকর্মীরা। অনুষ্ঠান শুরু হওয়ার কিছু আগে মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যানের মোশারফ হোসেন বাদলের অনুসারী একদল যুবক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হঠাৎ হামলা করে। এতে এবি পার্টির বেশ কিছু নেতাকর্মী আহত হন ও অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
সোনাগাজী উপজেলা এবি পার্টির সমন্বয়ক ওয়াসিউর রহমান খসরুর বলেন, আমরা কর্মী সম্মেলন করার জন্যে উপজেলা প্রশাসনকে অবহিত করি ও অনুমতি নিয়েই প্রোগ্রামের আয়োজন করি। যেখানে আমাদের কেন্দ্র ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা ছিল। শনিবার বিকেল ৩টায় সম্মেলন শুরুর একটু পর হঠাৎ কতিপয় ছাত্রলীগ নেতাকর্মী আমাদের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে হামলা চালিয়ে আমাকেসহ আমাদের অন্তত ছয়জনকে আহত করে।
আহতরা হলেন, ফজলুল হক, মো. আলী, সিফাত, মোজাম্মেল, মাসুদ রানা ও আব্দুল করিম।
স্থানীয় মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাদল বলেন, আমি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাই ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।
তিনি আরো বলেন, এবি পার্টির চেয়ারম্যান সাবেক ডিসি সোলায়মান ফেনী থাকাকালে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হামলা ও মামলার স্বীকার হয়েছেন। তাই তারা আজ তাকে প্রতিহত করেছেন।
এ বিষয়ে ফেনী জেলা এবি পার্টির সদস্য সচিব শাহ আলম জানান, পার্টির চেয়ারম্যান এ এফ এম সোলায়মান চৌধুরীসহ নেতৃবৃন্দের আসার পথে হঠাৎ আয়োজকরা টেলিফোনে জানায়, সেখানে একদল দুর্বৃত্ত হামলা চালায় ও আমাদের নেতাকর্মীরা আহত হয়। এ অবস্থায় আমরা লালপোল থেকে ফেনীতে ফিরে যাই।
সোনাগাজী মডেল থানার ওসি তদন্ত আবদুর রহীম বলেন, আমাদের কাছে এবি পার্টির একটি অনুষ্ঠান সংগঠিত হওয়ার ব্যাপারে অবহিত করলেও হামলার বিষয়ে কেউ এখনো অভিযোগ করেনি।
