ম্যাচের ৯৩ মিনিটে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হলেন ব্রুনো ফার্নান্দেস। যার চরম মূল্য দিতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে। ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে হার মানল দলটি।
শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ১-০ গোলে হেরেছে উলে গুনার সুলশারের দল। অ্যাস্টন ভিলার পক্ষে ৮৮ মিনিটে একমাত্র গোলটি করেন কোর্টনি হাউস।
এদিন ম্যাচের শেষের দিকে একের পর এক নাটক মঞ্চস্থ হয়েছে। শেষ মুহূর্তে গোল করে অ্যাস্টন ভিলা। ইনজুরি টাইমে পেনাল্টি মিস করেন ব্রুনো ফার্নান্দেজ। ক্রিস্তিয়ানো রোনালদো থাকা সত্ত্বেও ব্রুনোর পেনাল্টি নেওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্কও।
তিন দিন আগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ০-১ হেরে লিগ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল ইউনাইটেড। সেই ম্যাচে রোনালদোকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
কিন্তু এদিন রোনালদো পুরো ম্যাচ খেলার পরেও হারতে হল রেড ডেভিলসদের। লিগ কাপ থেকে ছিটকে যাওয়ার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফের আবার হারের মুখে পড়ল তারা।
লিগে এটি প্রথম হার ইউনাইটেডের। ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে তারা। সমান ১৩ পয়েন্ট নিয়েও টেবিলের দুই ও তিনে যথাক্রমে ম্যানচেস্টার সিটি ও চেলসি। এদিন অন্য ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারায় সিটি। ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল।
