উপহারের ঘরে খুশির ঝিলিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ পরিবারে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:১৪ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের নতুন ঘর পেয়ে আনন্দের ঝিলিক বইছে চট্টগ্রামের মিরসরাইয়ের ২০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে। ‘সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ প্রকল্পের আওতায় ঘরগুলো তৈরি করা হয়। উপজেলার হিংগুলী ইউনিয়নের রাঙ্গাটিলায় তৈরি করা ঘরগুলো গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে মিরসরাই উপজেলা প্রশাসন।

উপহারের ঘর পেয়ে আনন্দিত হেম্পারং ত্রিপুরা বলেন, আমাদের পূর্বপুরুষরা সরকারি মালিকানাধীন পাহাড়ে বসবাস করে জীবন কাটিয়ে দিয়েছে। আমরাও সরকারি পাহাড়ে জীবন কাটাচ্ছি। কিন্তু এখন আর সরকারি পাহাড়ে নয়, প্রধানমন্ত্রীর দেওয়া উপহার জায়গার মালিকানাসহ ঘরেই সন্তানদের নিয়ে আমাদের বাকি জীবন কাটবে। এটা আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া।

জাইতারাম ত্রিপুরা বলেন, আমাদের জায়গা কিনে ঘর করার মতো সামর্থ্য নেই। আমাদের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নামে জায়গা দিয়ে সেখানে ঘর করে দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইব।

হেম্পারং ত্রিপুরা, জাইতারাম ত্রিপুরাই শুধু নয়, ঘর পেয়ে ভাগ্য ত্রিপুরা, রবীন্দ্র, সচি কুমার, মংগারাম, কৃষ্ণ কুমার, ধনবী, ফুলমালা, মালতী ত্রিপুরাসহ ২০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের চোখেমুখে এখন খুশির বন্যা। এদের মধ্যে হেম্পারং, মালতী ও ফুলমালা ত্রিপুরা স্বামীর ঘর থেকে বিতাড়িত। তাদের খুশিটা অন্যরকম। কারণ তাদের কষ্টের ভাগ কেউ নিচ্ছিল না। ঘরও ছিল না তাদের। এখন ঘরের সাথে প্রত্যেকে দুই শতাংশ করে জায়গারও মালিক।

ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাইয়ের সাংসদের ছেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল। মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর হোসেন ভূইয়া, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, হিংগুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন হারুন, হিংগুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের সকল মানুষের প্রতি আন্তরিক। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ধর্ম, বর্ণ নির্বিশেষে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ঘর তৈরি করে দিচ্ছে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। সেই স্বপ্ন বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিরসরাইয়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার জানান, সেমি পাকা টিন শেডের দুই কক্ষের সঙ্গে লাগানো রান্নাঘর শৌচাগারসহ প্রতিটি ঘর তৈরি করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ঘরের জন্য বরাদ্দ ছিল ১ লাখ ৭১ হাজার টাকা।

মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, ২০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘরগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। সেখানে তাদের বসবাসের জন্য বিদ্যুৎ, পানিসহ সব ধরনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এদের প্রত্যেক পরিবারকে ২ শতাংশ জায়গা দেওয়া হয়েছে। যেখানে তারা শাক-সবজি উৎপাদন করতে পারবেন। তাদের জীবিকার সংস্থানের বিষয়টিও চিন্তায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত