ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারপিট ও প্রতিপক্ষের বাড়িতে হামলায় ২ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ধানহাড়িয়া গ্রামের মতলেব খাঁর সঙ্গে একই এলাকার মহিউদ্দিন খাঁ মহিমের জমি নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এ নিয়ে ঝিনাইদহ আদালতে একটি মামলা চলমান রয়েছে। শুক্রবার সকালে মতলেব খাঁর ছেলে দেলোয়ার হোসেন দুলু ওই জমিতে গেলে মহিউদ্দিন খাঁ মহিম, তার সহযোগী রোকন, তুহিনসহ আরও কয়েকজন দুলুকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দুলুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়। এরই জের ধরে শুক্রবার রাত ৮টার দিকে মহিমের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল দুলুর বাড়িতে ইটপাটকেল ছুড়তে থাকে এবং তিনটি বসতঘর ভাঙচুর করে। এ সময় সজীব নামে একজন আহত হয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মহিমের সাঙ্গপাঙ্গরা পালিয়ে যায়।
এ ব্যাপারে মহিমের ভাই খায়রুল ইসলাম বলেন, ‘গতকাল সকালে একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর সন্ধ্যায় ওরা আমাদের বাড়ির সামনে এসে গালিগালাজ করে ও ইটপাটকেল ছোড়ে বলে আমরা প্রতিবাদ করেছি।’
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা বলেন, ‘সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
