তাহিরপুরে হাজং সম্প্রদায়ের নববধূকে ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্ত আবদুর রাশিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে হাজং ছাত্র সংগঠন। গতকাল শনিবার বেলা ১১টায় বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস) কেন্দ্রীয় পরিষদের আয়োজনে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, সুনামগঞ্জ কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্র রঞ্জন তালুকদার, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এন্ড্রু সলমার, বাহাছাস কেন্দ্রীয় পরিষদের সভাপতি জিতেন্দ্র হাজং, সাধারণ সম্পাদক পল্টন হাজং, বাদল হাজং প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৪ আগস্ট গোসল করতে গিয়ে হাজং সম্প্রদায়ের ওই নববধূ ধর্ষণের শিকার হন। অথচ দুদিন পর ১৬ সেপ্টেম্বর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া যায়নি উল্লেখ করা হয়। বক্তারা ঘটনাটি নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে ধর্ষককে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
প্রসঙ্গত, ঘটনার দিনই থানায় মামলা করলে অভিযুক্ত আবদুর রাশিদকে গ্রেপ্তার করে পুলিশ।
