ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল গত বছরের ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেন। বিয়ের ১১ মাসেই গুঞ্জন উঠেছে, মা হতে যাচ্ছেন এ অভিনেত্রী। আর এ জন্য হাতে থাকা সিনেমার কাজ দ্রুত শেষ করতে চাইছেন তিনি। নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না কাজল। বিগ বাজেটের দক্ষিণী সিনেমা ‘দ্য ঘোস্ট’-এ আক্কিনেনি নাগার্জুনের নায়িকা ছিলেন এই সুন্দরী। সিনেমাটির শ্যুটিংও শুরু করেছিলেন। তবে সিনেমাটি আর করা হচ্ছে না তার। নিজেই সরে দাঁড়িয়েছেন। অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। ‘দ্য ঘোস্ট’ সিনেমাটি পরিচালনা করছেন প্রবীণ সত্তারু। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি কাজল ও নির্মাতা। তবে সূত্রের খবর, সিনেমাটির জন্য নায়িকা হিসেবে নেওয়া হবে জ্যাকুলিন ফার্নান্দেজকে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং অভিনেত্রীও নাকি অভিনয়ের জন্য সম্মতি প্রকাশ করেছেন। ভারতের হায়দরাবাদে সিনেমাটির শ্যুটিং চলছে। শ্রী ভেঙ্কটেশ্বর সিনেমা এলএলপির অধীনে নির্মিত এ সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে। চলতি বছরের শেষের দিকে অভিনেতা নাগার্জুন তার অংশের শ্যুটিং সম্পন্ন করবেন। এরই মধ্যে বেশ কটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন কাজল। বিয়ের পর তথাগত সিংহ পরিচালিত হিন্দি সিনেমা ‘উমা’র শ্যুটিংয়ের মাধ্যমে কাজে ফেরেন কাজল। কলকাতায় সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে। এ ছাড়া অভিনেতা চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমার কাজ সম্পন্ন করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে কাজলের ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি। রমেশ আরাবিন্দ পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন এলি অভ্রম, বরুণ শশী রাও, বিনয় প্রসাদ, ভরগবি নারায়ণসহ অনেকে। অন্যদিকে, সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জ্যাকুলিন অভিনীত সিনেমা ‘ভূত পুলিশ’। হরর-ড্রামা ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাইফ আলি খান, ইয়ামি গৌতম ও অর্জুন কাপুর। বর্তমানে এ অভিনেত্রীর হাতে রয়েছে বেশ কয়েকটি হিন্দি সিনেমা। এর মধ্যে ‘সার্কাস’ এবং ‘রাম সেতু’ উল্লেখযোগ্য। এর বাইরে তেলেগুতে পবন কল্যাণ অভিনীত ‘হরি হারা বীরা মল্লু’ সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন জ্যাকুলিন।
×
