জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত শহরের পাঁচুরমোড়, মসজিদ মার্কেট ও রেলগেট এলাকায় কয়েকটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাট সদরের কড়ইকাদিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোস্তাকিম হোসেন (২৪), মাস্টারপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে মো. রাজু (৩০), বুলুপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে মহিদুল ইসলাম (৩২), চকগোপাল এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে আবু দারদা (৩৫), পলিবাড়ি এলাকার বাপ্পা বর্মনের ছেলে পার্থ বর্মন (২৩)।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির জানান, শহরের কয়েটি স্থানে মার্কেটে মোবাইলের দোকানের পাশে কম্পিউটারে পর্নোগ্রাফি সরবরাহ করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৭টি মনিটর, ৭টি সিপিইউ, ৭টি কি-বোর্ড, ৭টি মাউস, ১২টি হার্ড ডিস্ক, বিভিন্ন প্রকারের ২১টি ক্যাবল জব্দ করা হয় এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
