২৪ ঘণ্টার একটি কনসার্টের অংশ হতে যাচ্ছেন মিউজিক সেলিব্রিটি এড শিরান, লিজো ও বিলি আইলিস। মহতী এক উদ্দেশ্য নিয়ে গান গাইবেন তারা।
জলবায়ু পরিবর্তন, টিকাদানে অসাম্য ও দুর্ভিক্ষ নিয়ে সচেতনতা তৈরিতে আয়োজিত অনুষ্ঠানে সুরের জাদু ছড়াবেন তারা।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, নিউইয়র্ক, লন্ডন ও সিউলসহ অন্যান্য শহর থেকে গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন ৬০ জনের বেশি শিল্পী।
ধারণা করা হচ্ছে, হাজার হাজার মানুষ এ অনুষ্ঠানে অংশ নেবেন। এ ছাড়া প্রচারমাধ্যমে চোখ রাখবেন কয়েক মিলিয়ন শ্রোতা-দর্শক।
শনিবার শুরু হওয়া এ অনুষ্ঠানে ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে পারফর্ম করেন এলটন জন। এর আগে রেকর্ড করা পারফরম্যান্স পরিবেশন করেন কে-পপ ব্যান্ড বিটিএস।
ধারণা হচ্ছে, এখন পর্যন্ত অনুষ্ঠিত সবচেয়ে আন্তর্জাতিক দাতব্য অনুষ্ঠানের একটি এটি। গ্লোবাল সিটিজেন নামের সংস্থা এর আয়োজক, যারা ২০৩০ সালের মধ্যে পৃথিবী থেকে চরম দারিদ্র্য দূর করতে কাজ করছে।
নিউইয়র্ক থেকে এ আয়োজনে পারফর্ম করেছেন জেনিফার লোপেজ। সেখানে অংশ নেবেন বিলি আইলিশ ও কোল্ডপ্লে। এ ছাড়া প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল এরই মধ্যে সচেতনতার বার্তা নিয়ে হাজির হয়েছেন দর্শক-শ্রোতাদের সামনে।
