গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে একজন এবং উপসর্গ নিয়ে ৭ জন মারা যান।
মৃতদের মধ্যে ময়মনসিংহের ৬ জন, নেত্রকোনার ও শেরপুরের একজন করে রয়েছে। মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৪ জন নারী।
এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১০৮ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।
করোনা আক্রান্তে মৃত ব্যক্তি হলেন- ময়মনসিংহ ত্রিশাল উপজেলার রওশন আরা (৪০)।
এছাড়াও ময়মনসিংহ সদরের নাসিমা বেগম (৬০), দুদু মিয়া (৫০), নূরজাহান (৭৫), আব্দুল খালেক (৭০), গৌরীপুর হাজী আতাউল্লাহ (৯০), নেত্রকোনা পূর্বধলা উপজেলার সুলতানা (৪০), এবং শেরপুর সদরের নূরুল আমিন (৬০) করোনা উপসর্গ নিয়ে মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১১২ জন রোগী ভর্তি আছেন।
এদের মধ্যে আইসিইউতে ১১ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ২০ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩১৪টি নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৯৬ শতাংশ।
এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৮৮৩ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৮৩৫ জন।
