অকার্যকর-দুর্নীতিগ্রস্ত সমবায় সমিতির তালিকা কমিটিতে উপস্থাপনের পরামর্শ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৭ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নিবন্ধনকৃত অকার্যকর, অব্যবস্থা এবং দুর্নীতিগ্রস্ত সমবায় সমিতির তালিকা কমিটিতে উপস্থাপন করতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কমিটির পরবর্তী বৈঠকে এ তালিকা প্রদান করতে সুপারিশ করা হয়।

কমিটির সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্বপন ভট্টাচার্য্য, মো. মসিউর রহমান রাঙ্গা, শেখ আফিল উদ্দিন, রেবেকা মমিন এবং আব্দুস সালাম মূর্শেদী সভায় উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ৯ম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়।

সভায় ৯ম বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করে সিদ্ধান্তসমূহ দ্রুততম সময়ে বাস্তবায়নের সুপারিশ করা হয়।

কমিটি গুঁড়া দুধ আমদানির ক্ষেত্রে দুধের গুণগতমান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পত্র দেয়া, দেশে মানসম্মত দুধ প্রাপ্তির জন্য সমবায়ের ভিত্তিতে বাড়ি বাড়ি গরুর খামার স্থাপনের সুপারিশ করা হয়।

এ ছাড়া খামারিদের কথা বিবেচনায় এনে তাদের কাছ থেকে দুধ সংগ্রহের ক্ষেত্রে পূর্বের মূল্যের চেয়ে বেশি মূল্যে ক্রয় করা যায় কিনা সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সুপারিশ করা হয়।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, প্রধান প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত