দেবহাটায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার ঘটনায় করা মামলার একমাত্র আসামি ধর্ষণের শিকার নারীর কথিত প্রেমিক পার্থ মণ্ডলকে (২১) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় পুলিশ হত্যায় ব্যবহৃত ইলেকট্রিক ক্যাবল ও বাইসাইকেল উদ্ধার করেছে। শনিবার রাতে সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলেছে, অন্যের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অভিযোগে সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও পরে হত্যা করে ওই ছাত্রীর কথিত প্রেমিক পার্থ।
রবিবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, দেবহাটা উপজেলার টিকেট গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ শেষে গলায় ক্যাবল পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেছে কথিত প্রেমিক। পুলিশি জিজ্ঞাসাবাদে একই গ্রামের প্যারা মেডিকেলে অধ্যয়নরত ও মামলার আসামি পার্থ মণ্ডল স্বীকার করেছে মেয়েটির সঙ্গে অন্য একটি ছেলের সম্পর্কের কারণে তাকে হত্যা করেছে।
শুক্রবার সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন মেয়েটির বাবা দেবহাটা থানায় পার্থকে আসামি করে মামলা করেন।
এদিকে, ওই ছাত্রী ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে সকালে সাতক্ষীরায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন নাগরিক সংগঠন।
