পাকিস্তানে বর্তমান একটি নৃশংস শাসন চলছে যারা ভিন্নমতাবলম্বী ও সংখ্যালঘুদের হত্যা, দমন পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাজ্যে প্রবাসী পাকিস্তানিরা। রবিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি যুক্তরাজ্য সফরে গেলে সেখানে বেলুচ ও সিন্ধ প্রবাসীদের কয়েকটি বিক্ষোভের মুখোমুখি হন তিনি। লন্ডনে প্রবাসীরা পার্লামেন্ট চত্বরে বিক্ষোভ করেন। খবর: টাইমস অব ইন্ডিয়া
বিক্ষোভকারীরা যুক্তরাজ্যের কাছে দাবি করেন যেন যুক্তরাজ্য পাকিস্তানকে অর্থ সহায়তা বন্ধ করে। তাদের দাবি পাকিস্তানে বর্তমান একটি নৃশংস শাসন চলছে যারা ভিন্নমতাবলম্বী ও সংখ্যালঘুদের হত্যা, দমন পীড়ন চালাচ্ছে। এছাড়া, পাকিস্তানের শাসনব্যবস্থা নিয়ে যে সাংবাদিক, রাজনৈতিক কর্মী বা সাধারণ নাগরিকেরা প্রশ্ন তোলেন তাদেরও অপহরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
পাকিস্তানে বর্তমানে সাম্প্রদায়িক গণহত্যা হচ্ছে উল্লেখ করে তারা জানান, বেলুচ, হাজারা, হিন্দু, শিখ এবং আহমদিয়া সংখ্যালঘুদের জীবনকে বিষিয়ে তুলেছে বর্তমান সরকার। নিজ দেশে কার্যত শরণার্থীর জীবন যাপন করতে হচ্ছে অনেককে।
বিক্ষোভকারীরা আফগানিস্তানের বিষয়ে পাকিস্তানের দ্বৈতনীতি সম্পর্কে যুক্তরাজ্য সরকারকে অবহিত করেন। তারা বলেন, এই নীতি মানবিক সংকটকে বাড়িয়ে তুলবে।
এর আগে, লন্ডনে পাকিস্তান হাইকমিশনারের বাসভবনের সামনে কয়েকজন বিক্ষোভকারী জড়ো হয়ে রোববার পাকিস্তান সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়।
