সুপারস্টার মর্যাদাকে কাজে লাগিয়ে দুই দশক ধরে নারী ও শিশুদের যৌন নিপীড়নের চক্র চালিয়ে আসছিলেন জনপ্রিয় মার্কিন গায়ক আর কেলি। এ ঘটনায় তাকে অভিযুক্ত করেছে আদালত।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, ছয় সপ্তাহ ধরে চলা বিচার প্রক্রিয়ায় তার বিরুদ্ধে নয়জন নারী ও দুই পুরুষ যৌন নিগ্রহণ ও সহিংসতার বর্ণনা দেন।
দুই দিনের তর্ক-বিতর্কের পর কেলির বিরুদ্ধে সব অভিযোগের সত্যতা পেয়েছেন বিচারক।
আনীত অভিযোগের প্রেক্ষিতে বাকি জীবন জেলে কাটাতে হতে পারে এ গায়কের।
কয়েক বছর আগে কেলির বিরুদ্ধে এ সব অভিযোগ ওঠে। ওই সময় তিনি গ্রেপ্তারও হন।
এ গায়কের পুরো নাম রবার্ট সিলভাস্টার কেলি। তাকে নারী ও শিশুদের ওপর সহিংস ও জবরদস্তিমূলক চক্রের হোতা বলে চিহ্নিত করেছে আদালত।
‘আই বিলিভ আই ক্যান ফ্লাই’ গানের জন্য পুরস্কার-জয়ী কেলি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে নারীদের পাচার করতেন ও শিশুদের পর্নগ্রাফিতে ব্যবহার করতে— এমন প্রমাণও মিলেছে বলে জানান বিচারক।
এ ছাড়া কেলির সহযোগীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে আদালত।
