করোনা টিকার বুস্টার ডোজ নিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩২ পিএম

করোনা টিকার বুস্টার ডোজ নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে বুস্টার ডোজ নেন বাইডেন। এর আগে তিনি ফাইজার-বায়োএনটেকের দুই ডোজ টিকা গ্রহণ করেছেন। বুস্টার ডোজ হিসেবেও একই টিকা নিলেন তিনি।

গত বছরের ডিসেম্বরে বাইডেন টিকার প্রথম ডোজ নেন। প্রথম ডোজ নেওয়ার তিন সপ্তাহ পর চলতি বছরের জানুয়ারিতে তিনি দ্বিতীয় ডোজ নেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ফাইজার-বায়োএনটেকের টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। ৬৫ বছর বয়সী বা এর চেয়ে বেশি বয়সী ব্যক্তিদের জন্য এ ডোজের অনুমোদন দেওয়া হয়।

গুরুতর রোগের উচ্চ ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও করোনায় সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এ বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

বুস্টার ডোজ গ্রহণের পর এক টুইটে বাইডেন বলেন, যারা করোনাভাইরাসে সংক্রমণের উচ্চ ঝুকিতে রয়েছেন বুস্টার ডোজ তাদের আরও বেশি সুরক্ষা দেবে। তাই আমি আজ বুস্টার ডোজ গ্রহণ করলাম। সবাইকে এ বিষয়ে উতসাহিত করা হচ্ছে।

১৬ বছর বা তার বেশি বছর বয়সী প্রত্যেকের জন্য ফাইজারের বুস্টার ডোজের পূর্ণ অনুমোদনের একটি প্রাথমিক পরিকল্পনা করেছিল হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউসের এ পরিকল্পনা নাকচ করে দেয় বিশেষজ্ঞ প্যানেল।

বাইডেনের বয়স এখন ৭৮ বছর। বুস্টার ডোজ নেওয়ার সময় তিনি তাঁর বয়স নিয়েও মজা করেন। বলেন, তাঁর বয়স ৬৫ বছরের ওপরে।

যুক্তরাষ্ট্রের জনগণের এক-চতুর্থাংশ এখনো করোনার টিকা নিতে অস্বীকৃতি জানাচ্ছে। এ কারণে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ অব্যাহত আছে।

তিনি টিকা নিতে অনিচ্ছুকদের আবারও টিকা নেওয়ার আহ্বান জানান এবং বলেন এটি ফ্রি এবং সহজলভ্য। এটি আমাদের জীবন বাঁচাবে এবং আশপাশের সবাইকেও নিরাপদে রাখবে।

গত সপ্তাহ থেকে করোনার ডেল্টা ভেরিয়েন্ট প্রতিরোধে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করেছিল বাইডেন প্রশাসন। এ কারণে ফাইজার গণহারে বুস্টার ডোজ প্রদানের জন্য আবেদন করে। কিন্তু এফডিএ’র প্যানেল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে শুধু বয়স্ক ও উচ্চ ঝুঁকিতে থাকা নাগরিকদের তৃতীয় ডোজ প্রদানের সুপারিশ করেছে।

এসময় তিনি বিশ্বের অন্য সব দেশকে টিকা সরবরাহ করার আগেই যুক্তরাষ্ট্রের নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ ( ডব্লিউএইচও) বিশেষজ্ঞদের সমালোচনা প্রত্যাখ্যান করেন। বাইডেন বলেন, বিশ্বে অন্যান্য দেশের তুলনায় আমরা বেশি কাজ করছি। আমরা আমাদের কাজের দায়িত্বটাই পালন করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত