প্রধানমন্ত্রীর দেখানো পথেই বাংলাদেশ গন্তব্যে পৌঁছাবে: মাশরাফী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৫ পিএম

প্রধানমন্ত্রীর দেখানো পথেই বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছাবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে এই মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার তিনি তার সংসদ ভবনের অফিসে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেছেন।

এ সময় সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা ও অন্যান্য নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও শতায়ু কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন খান নিলু, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আ. লীগের সদস্য কাজী সরোয়ার হোসেন, জেলা আ. লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম, নড়াগাতি থানা আ. লীগের সভাপতি সালাউদ্দিন বশির, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক রাজীব মজুমদার রাজু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মাফুজ, জেলা ছাত্রলীগ সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, লোহাগড়া পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রোহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে গতকাল রাত ১২টায় ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন, ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনার সুদক্ষ, সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে তার কাঙ্ক্ষিত গন্তব্যে। আপনি দীর্ঘজীবী হোন।’

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে এক বিবৃতিতে মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, ‘আজ ২৮ সেপ্টেম্বর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন। শুভ জন্মদিন আপা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে আপনার দূরদর্শী ও সাহসী নেতৃত্ব ছাপ্পান্ন হাজার বর্গমাইলের স্বাধীন-সার্বভৌম এই ভূখণ্ডকে বিশ্বসভায় আজ অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে। আপনার সুদক্ষ নেতৃত্বে ইতিমধ্যে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ার মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সাহসী উদ্যোগ বাংলাদেশের সক্ষমতা প্রমাণ করেছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের পথ ধরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে ইতিমধ্যে আপনি জাতিসংঘ কর্তৃক এসডিজি অগ্রগতি পুরস্কার অর্জন করেছেন।

মাশরাফি বলেন, ২০৪১ এ উন্নত দেশ ও ২১০০ সালের টেকসই ও সমৃদ্ধ বদ্বীপ গড়ার সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়িত হবে আপনার দূরদর্শী ও মেধাদীপ্ত নেতৃত্বের ফসল রূপে। আপনার দেখানো এই আলোকযাত্রার পথ ধরে বাংলাদেশ হাঁটবে, এগিয়ে যাবে তার কাঙ্ক্ষিত গন্তব্যে।

তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত