খুব অল্প সময়ে ক্রিকেটে দারুণ উন্নতি করেছে আফগানিস্তান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তো বটেই ভবিষ্যতেও ভালো কিছু করার স্বপ্ন দেখেন রাশিদ খান। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভবিষ্যতে বিশ্বকাপ জয়ের আশা ব্যক্ত করে এই লেগ স্পিনার বলেছেন, ‘গত ১০ বছরে দল হিসেবে আমরা অনেক কিছু অর্জন করেছি। আমরা যেখান থেকে উঠেছিলাম, সেখানে আমাদের তেমন কোনো সুবিধা ছিল না। এমন একটা জায়গা থেকে এসে আমরা এখন বিশ্বকাপ খেলছি। সব দলেরই স্বপ্ন থাকে টেস্ট খেলার এবং আমরা এখন টেস্টও খেলছি। আমরা অনেক কিছু অর্জন করেছি।’ আফগান ক্রিকেটের এই প্রতীক বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল যে ভবিষ্যতে একদিন আমরা বিশ্বকাপ জয়ের সামর্থ্যও অর্জন করব, বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এটিই আমাদের সবার লক্ষ্য, আমাদের সব খেলোয়াড়দের স্বপ্ন এবং এই লক্ষ্য অর্জনের সামর্থ্য আছে এখন। আমাদের নিজেদের ওপর এবং আমাদের দক্ষতার ওপর বিশ্বাস আছে। আমি নিশ্চিত যে ভবিষ্যতে আমরা এই লক্ষ্যও পূরণ করতে যাচ্ছি।’ রাশিদ আরও বলেন, ‘আফগানিস্তানের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যেতে হলে আমাদের দ্রুতই সেটি অর্জন করতে হবে। সেই অর্জন আমাদের তরুণ ক্রিকেটারদের আশা জাগাবে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে সাহায্য করবে এবং আফগানিস্তান ক্রিকেটের জন্য কিছু করতে তাদের সাহস জোগাবে। আমরা দেশের জন্য বিশ্বকাপ জিততে চাই।’
×
