ঝিনাইদহ পলিটেকনিক

অর্ধশতাধিক কম্পিউটারের যন্ত্রাংশ চুরি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৮ এএম

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ২টার দিকে প্রতিষ্ঠানটির মূল ভবনের ২য় ও ৩য় তলায় এ চুরি সংঘটিত হয়। এ সময় চোরচক্র প্রায় ৫৬টি কম্পিউটারের যন্ত্রাংশ খুলে নিয়ে যায়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী সাজেদ উর রহমান জানান, কলেজের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে লুঙ্গি ও প্যান্ট পরা তিন ব্যক্তি প্রাচীর টপকে মই দিয়ে ২য় তলায় ওঠে। তারা ২য় ও ৩য় তলায় থাকা কম্পিউটার ল্যাবের তালা কেটে ভেতরে ঢুকে অর্ধ-শতাধিক কম্পিউটারের র‌্যাম ও প্রসেসর খুলে নিয়ে যায়। এছাড়া তারা যাওয়ার সময় কম্পিউটার ল্যাবের দরজায় অন্য তালা লাগিয়ে চাবি প্রতিষ্ঠানে ফেলে রেখে যায়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা করা হবে বলে জানান তিনি।

কলেজের নিরাপত্তা প্রহরী বিল্লাল হোসেন বলেন, রাত ১০টার দিকে আমি দায়িত্ব পালন শুরু করি। কখন চুরি হয়েছে আমি কিছুই জানি না।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা বলেন, আমরা চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠিয়েছি। চুরি হওয়া মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত