দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইনে পরীক্ষায় ড্রেস কোড নিয়ে শিক্ষকদের সঙ্গে তর্ক করার অভিযোগে ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তবে শিক্ষার্থীরা বলছেন, লুঙ্গি পরে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।
সোমবার দুপুর ২টায় ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের রসায়ন কোর্সের পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর পর থেকে কিছু পরেই বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা।
পরবতীতে বহিষ্কৃত শিক্ষার্থীরা জানতে পারেন লুঙ্গি পরে অনলাইনে পরীক্ষায় নেওয়ার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ২০ ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আল মামুনকে বহিষ্কার করা হয়। এরপর কিছুক্ষণ পর সবুজ ইসলাম ও বনি আমিনকে বহিষ্কার করা হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, লুঙ্গি পরে পরীক্ষায় অংশ নেওয়ায় তাদের অনলাইন পরীক্ষার জুম মিটিং থেকে বের করে দেয়া হয়। পরবর্তীতে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ডা. মো. সাজ্জাদ হোসেন সরকার জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী বেয়াদবি শুরু করে। এরপর শিক্ষকরা ৩ শিক্ষার্থীকে ড্রেস কোড কেন মানা হয়নি বিষয়ে জানতে চাইলে তারা শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে।
পরে তাদের পরীক্ষার নিয়ম অনুসরণ করে ৩ শিক্ষার্থীসহ ৫ জনকে বহিষ্কার করা হয়।
