মোংলা বন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীকে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগে বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে অবরুদ্ধ ও তার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট'র কর্মচারীরা।
কর্মচারীদের অভিযোগ বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের ওপর গুলি করার হুমকি দেন বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী।
এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন সিঅ্যান্ডএফ শ্রমিক-কর্মচারীরা। উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা নৌ কন্টিনজেন্ট সদস্যদের মোতায়েন করা হয়। এরপর বিক্ষুব্ধ কর্মচারীরা তার কার্যালয় ছেড়ে বাইরে গিয়ে দফায় দফায় বিক্ষোভ করতে থাকেন।
মোংলা বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিটন বলেন, প্রতিদিনের মত তাদের জেটি সরকার বন্দর জেটিতে কাজে প্রবেশ করতে চাইলে বাধা দেন নিরাপত্তা কর্মীরা। কাজে আসা কর্মচারীরা অ্যাপ্রোন (পোশাক) পরে আসেনি কেন এ জন্য তাদের বাধা দেওয়া হয়। এ সময় কর্মচারীরা এমন নিয়ম শুনে আপত্তি করলে তাতে গুলি করার হুমকি দেয় প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী।
তিনি আরও বলেন, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জেটি সরকাররা প্রধান নিরাপত্তা কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে তার বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন। এ সময় প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী তার কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন।
তবে প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী বলেন, আমি কিছুই জানি না। অফিসে অবরুদ্ধ আছেন কিনা জানতে চাইলে তিনি আবারও বলেন, আমি কিছুই জানি না বলেই ফোন কেটে দেন তিনি।
মোংলা বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) সভাপতি মো. সুলতান হোসেন খাঁন প্রধান নিরাপত্তা কর্মকর্তার বিচার চেয়ে বলেন, মোংলা বন্দর যেখানে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে সেখানে আমরা এখন কাজ করতে পারছি না। আমাদের দুজন কর্মচারীকে গুলি করে মেরে ফেলার নির্দেশের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত মোংলা বন্দরের সকল প্রকার কাজ বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, ৭২ ঘণ্টার মধ্যে এ ঘটনার সমাধান না হলে সকল বন্দর অচল করে দেওয়া হবে।
এদিকে এ ঘটনায় দুপুর ২টা থেকে বন্দর জেটিতে সকল কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে সিঅ্যান্ডএফ শ্রমিক-কর্মচারীরা।
