‘রাশিয়া’য় পালিয়ে গেলেন মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ০৮:৫৭ পিএম

ভারতের মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরম বীর সিং হঠাৎ করেই শহর থেকে গায়েব হয়ে গেছেন। মুম্বাইতে তার দেখা পাওয়া যাচ্ছে না। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিল জানিয়েছেন যে, প্রাক্তন মুম্বাই পুলিশ কমিশনার হঠাৎ করেই নিঁখোজ হয়ে গিয়েছেন।

চলতি বছরের শুরুর দিকে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির বাড়ির সামনে বোমাতঙ্ক ঘটনার তদন্তে ছিলেন তিনি এবং এ নিয়ে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়। শুধু তাই নয়, এই কেসের তদন্ত করতে গিয়ে পরম বীর সিংকে দুর্নীতি সংক্রান্ত ঘটনার সঙ্গেও জড়িয়ে ফেলা হয়।

শোনা যাচ্ছে যে পরম বীর সিং রাশিয়া পালিয়ে যেতে পারেন। এ প্রসঙ্গে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী পাটিল বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি আমরাও তাঁর খোঁজ করছি। আমি এরকম কিছু শুনেছি। কিন্তু একজন সরকারি কর্মকর্তা এভাবে সরকারের ছাড়পত্র ছাড়া বিদেশে চলে যেতে পারেন না। আমরা পরম বীর সিংয়ের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করব এবং তিনি যদি পালিয়ে যান, তবে সেটা মোটেও ভালো নয়’।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘মন্ত্রী হোক, অফিসার হোক বা মুখ্যমন্ত্রী, সবকিছুর ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা রয়েছে এবং ভারত সরকারের অনুমতি ছাড়া কেউ দেশের বাইরে যেতে পারে না। কেউ এই সীমাবদ্ধতা অতিক্রম করতে পারে না। কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তার জন্য কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে হবে। মহারাষ্ট্র সরকার প্রাক্তন পুলিশ কমিশনারের খোঁজ করছেন এবং একবার তাঁকে পাওয়া গেলে আমরা সিদ্ধান্ত নেব’।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি মুকেশ আম্বানির বাড়ির সামনে একটি এসইউভি গাড়ি সহ জিলেটিন স্টিক উদ্ধার করে পুলিশ। বিস্ফোরক যে গাড়িতে ছিল সেটির মালিক মনসুখ হিরেন নামে এক ব্যক্তি। এই ঘটনার কিছুদিনের মধ্যেই তার দেহ উদ্ধার হয় থানের কালওয়া ক্রিক থেকে।

বিস্ফোরক কাণ্ডের ষড়যন্ত্র ও মনসুখ হিরেনের খুনের ঘটনায় প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে নাম উঠে আসে শচীন ওয়েজের। যে নিজে এই মামলার তদন্তে ছিল। শচীন ওয়েজ প্রাক্তন পুলিশ কমিশনার পরম বীর সিংয়ের ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে এবং শুধুমাত্র সহকারি পুলিশ অ্যাসিন্ট্যান্ট হওয়া সত্ত্বেও সরাসরি পুলিশ কমিশনারের কাছে তার অবাধ প্রবেশাধিকার ছিল।

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ) শচীন ওয়েজকে গ্রেফতার করার পরই মার্চ মাসে মুম্বাই পুলিশ কমিশনারের পদ থেকে সরে যান পরম বীর সিং এবং তাঁকে অন্যত্র স্থানান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত