হাজী দানেশের ৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ০৮:৫৯ পিএম

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন পরীক্ষায় লুঙ্গি পরে অংশ নেয়ার ঘটনায় বহিষ্কৃত হওয়া পাঁচ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গতকাল

বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক শ্রীপতি সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই পাঁচ শিক্ষার্থী নির্ধারিত রুটিন অনুযায়ী সেমিস্টারের পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং গত ২৭ সেপ্টেম্বর বহিষ্কৃত হওয়া ওই কোর্সের পরীক্ষাটি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী সময়ে গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লুঙ্গি পরে পরীক্ষায় অংশগ্রহণের কারণে ওই শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে, বিষয়টি সঠিক নয়। মূলত জুম কানেকটিভিটি ও ক্যামেরা প্লেসিংয়ের সমস্যার কারণে তাদের ‘সাময়িকভাবে বিরত’ রাখা হয়েছিল।

এর আগে ২৯ সেপ্টেম্বর শিক্ষার্থী বহিষ্কারের ঘটনাটি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কোর্স শিক্ষক, পরীক্ষার সুপারভাইজারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই বৈঠকের পরপরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত