পবিত্র কোরআন শিখলেই মিলবে কর্মসংস্থানের জন্য সহায়তা। এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপ। বয়স্ক যে কেউ ৯০ দিনের মধ্যে কোরআন আয়ত্তে আনতে পারলে তাকে পুরস্কার হিসেবে কর্মসংস্থার তৈরির জন্য অর্থসহায়তা দেওয়া হবে। এ উদ্যোগের আওতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে অর্থসহায়তা পেয়েছেন ৫ জন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া পশ্চিমপাড়া জামে মসজিদে রিকশাচালক সালমান, চা দোকানদার মফিজুল, মাংস বিক্রেতা ইয়ার হোসেন, কর্মহীন নাজমুল ও সাকিব নামে ৫ জনের হাতে কর্মসংস্থানের জন্য নগদ ৫০ হাজার টাকা ও কোরআন শরিফ তুলে দেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। বয়স্কদের কোরআন শেখায় আগ্রহী করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের পরিচালক ও আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী মো. মিজানুর রহমান, মসজিদের ইমাম মুফতি রফিকুল ইসলাম প্রমুখ।
