সীতাকুন্ডে গাছের ডাল কাটতে প্রায় ৫০ ফুট ওপরে উঠে আটকে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সীতাকুন্ড পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহাদেরপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৫০ ফুট উঁচু একটি কাঠবাদাম গাছের ডাল কাটতে গাছে ওঠেন মমিন মিয়া (৪০)। ডাল কাটতে কাটতে মগডালে উঠে যান তিনি। একপর্যায়ে তার বাম হাতের আঙুলে দায়ের কোপ লেগে রক্ত ঝরছিল। তখন তিনি নিচে নামার চেষ্টা করলেও ভয়ে পারছিলেন না। পরে চিৎকার করলে গাছের নিচে অনেকে জড়ো হন। স্থানীয় এক ব্যক্তি গাছে উঠে মমিনকে গামছা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। এক রিকশাচালক এ ঘটনা দেখে ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দেন। খবর পেয়ে সীতাকুন্ড ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল গিয়ে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে।
সীতাকুন্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবদুল আলীম জানান, ভয়ে গাছ থেকে নামতে পারছিলেন না মমিন মিয়া। উদ্ধারের পর কিছুক্ষণ বিশ্রাম নিলে সুস্থ হয়ে ওঠেন তিনি।
