ঝালকাঠি পৌর শহরের রূপনগর এলাকায় কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে আবদুল্লাহ আল আবিদ (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবিদের ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। তিনি ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের সচিব হেমায়েত হোসেনের ছেলে।
তার বড় ভাইয়ের বন্ধু মুরাদ হোসেন বলেন, নিজের পোষা একটি কবুতর ধরতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় আবদুল্লাহ আল আবিদ। পরে আবিদকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে।
