কোম্যানই বার্সার কোচ থাকছেন, জানালেন প্রেসিডেন্ট

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১২:৪৭ পিএম

রোনাল্ড কোম্যানই বার্সেলোনার কোচ থাকছেন জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তে। একের পর এক ম্যাচ হারের পরও ডাচ কোচের ওপর আস্থা রাখছেন তিনি।

শনিবার লা লিগার গত আসরের চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে এমন ঘোষণা দেন লাপোর্তে। ক্যাম্প ন্যু প্রেসিডেন্ট জানান, ‘বার্সার কোচ হিসেবে কোম্যানই থাকছেন। সাম্প্রতিক সময়ের ফলাফলের পরেও তিনি বিশ্বাসযোগ্য।’

এদিকে, কোম্যানের পরিবর্তে বার্সার দায়িত্ব কে নিচ্ছেন তার গুঞ্জনও চলছে বেশ কয়েকদিন ধরে। সেই তালিকায় আছে বেলজিয়ামের প্রধান কোচ রবার্তো মার্তিনেস ও জুভেন্টাসের সাবেক কোচ আন্দ্রে পিরলোর নাম। বার্সার সাবেক মিডফিল্ডার জাভিও আছেন আলোচনায়।

সম্প্রতি স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা জানায়, রিভার প্লেটের কোচ মার্সেলো গালার্দোকে প্রস্তাব দিয়েছিল বার্সা। কিন্তু আর্জেন্টাইন কোচ রাজি হননি। তবে লাপোর্তের নতুন বক্তব্য অনুযায়ী, আপাতত নতুন কোচ খোঁজার পথে হাঁটছে না বার্সা। কোম্যানের ওপরেই বিশ্বাস রাখছেন তিনি।

কোম্যানের সমর্থনে লাপোর্তে বলেন, ‘তিনি বার্সাকে ভালোবাসেন। কঠিন সময়ে তিনি এখানে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন।’

এসব কথা লাপোর্তে বলেছিলেন অ্যাতলেতিকোর বিপক্ষে ম্যাচের আগে। কিন্তু ওয়ান্দা মেত্রোপোলিতানোতে ২-০ গোলে হেরেছ বার্সা।

চলতি মৌসুমে পুরোপুরি ঢাল-তলোয়ারহীন সৈন্য হয়ে পড়েছে বার্সা। চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম দুই ম্যাচে বাজেভাবে হেরেছে তারা। লা লিগাতেও লড়াই করতে হচ্ছে কাতালান জায়ান্টদের। যার কারণে বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, ক্যাম্প ন্যু থেকে বরখাস্ত হতে পারেন কোম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত