টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের মাইলফলকের চূড়ায় উঠলেন পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম। এই অনন্য রেকর্ড গড়ার পথে তিনি ছাড়িয়ে গেছেন ক্রিস গেইল ও বিরাট কোহলিকে।
রবিবার (৩ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সাউদার্ন পাঞ্জাব ও সেন্ট্রাল পাঞ্জাবের মধ্যকার ম্যাচে রেকর্ডটি গড়েন বাবর।
টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানি অধিনায়কের ৭ হাজার রানের মাইলফলকে পা রাখতে লেগেছে ১৮৭ ইনিংস। ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রান করে রেকর্ডটি গড়েন সেন্ট্রাল পাঞ্জাবের ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। সেই সঙ্গে তিনি টপকে যান গেইলকে।
টি-টোয়েন্টিতে ১৯২তম ইনিংসে এসে ৭ হাজার রানের দেখা পেয়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। অন্যদিকে ভারতীয় অধিনায়ক কোহলির লেগেছিল ২১২ ইনিংস। ২২২ ইনিংস লেগেছিল অ্যারন ফিঞ্চের। তার অস্ট্রেলিয়ান সতীর্থ ডেভিড ওয়ার্নারের লেগেছিল ২২৩ ইনিংস।
বাবরের ৭ হাজার রানের মধ্যে আন্তর্জাতিক ফরম্যাট থেকে এসেছে ২২০৪ রান। পাকিস্তানের হয়ে ৬১ টি-টোয়েন্টিতে এক সেঞ্চুরি ও ২০ ফিফটিতে ৪৬.৮৯ গড়ে এই রান করেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার রান ৩০৫৮। পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে সব মিলিয়ে ৮৪ ম্যাচ খেলেছেন বাবর।
