সংবাদ সম্মেলনে দাবি

আগের রাতে ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়ী করার পরিকল্পনা!

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ০৬:৩৯ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পরিষদের উপনির্বাচন ৭ অক্টোবর। এ নির্বাচনে কেন্দ্র দখল করে, আগের রাতে ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়ী করার পরিকল্পনা চলছে বলে দাবি করেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নৌকার বিদ্রোহী দুই প্রার্থী আফজল হক ও প্রেমসাগর হাজরা। 

সোমবার দুপুরে ১২টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন ।

এ সময় লিখিত বক্তব্যে তারা বলেন, শুরু থেকে আওয়ামী লীগের প্রার্থী বিভিন্নভাবে প্রচার করে বেড়াচ্ছেন, যেকোনো মূল্যে কেন্দ্র দখল করে নির্বাচনে ভোট কারচুপি করে তিনি বিজয়ী হবেন। আমাদের বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, নৌকার প্রার্থী শ্রীমঙ্গল পৌরসভা ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সব ভোটকেন্দ্র দখল করার পাঁয়তারা করছেন। ভোটের আগের রাতে কেন্দ্র দখল করার পরিকল্পনা করছেন। যেহেতু শ্রীমঙ্গল উপজেলায় কোনো দুর্গম এলাকা নেই, সেহেতু আমরা আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি, প্রত্যেক ভোটকেন্দ্রে সকালে ভোট শুরু হওয়ার আধাঘণ্টা আগে ব্যালট পেপার পৌঁছানো হোক।

তারা দাবি জানান, আমরা লক্ষ্য করেছি, নির্বাচনী  প্রচারের শুরু থেকেই আমাদের কর্মী-সমর্থকদের নৌকা প্রতীকের প্রার্থী তার কর্মী-সমর্থকদের দিয়ে বিভিন্নভাবে হুমকি-ধামকি, ভয়ভীতি দেখিয়ে আসছেন। পাশাপাশি আমাদের প্রচারে ব্যাঘাত ঘটিয়ে আসছেন। মোটরসাইকেল শোভাযাত্রা, মিছিলের মাধ্যমে শহরজুড়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। এহেন কর্মকাণ্ড সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে আমরা মনে করছি।

তারা সংবাদ সন্মেলনে প্রশাসনের কাছে দাবি জানান,  উপজেলার সব ভোটকেন্দ্রে বিজিবি মোতায়েনের। পাশাপাশি শ্রীমঙ্গল পৌরসভা ও সদর ইউনিয়নের সব সেন্টারের জন্য আলাদাভাবে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হোক। 
তারা বলেন, এ নির্বাচনে যদি নৌকার প্রার্থী কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে, যদি ভোট কারচুপি করতে চায়, তাহলে একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে বলে আমরা আশঙ্কা করছি।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে। আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করব। এর বাইরে কোনো ধরনের আশংকা নেই ।  

উল্লেখ্য, এ নির্বাচনে নৌকার প্রার্থী ভানু লাল রায়।

সংবাদ সম্মেলনে ছিলেন স্বতন্ত্র পার্টি আফজল হক (ঘোড়া) ও প্রেমসাগর হাজরা (আনারস)। 

এ নির্বাচনে ওপর প্রার্থী জাতীয় পার্টির মিজানুর রব (লাঙ্গল)। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত