পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সাম্প্রতিক উপ-নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন বার্তা পাঠানোর জবাবে ড. মোমেনকে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশ অত্যন্ত কাছের উল্লেখ করে ধন্যবাদ বার্তায় মমতা বলেন, ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে চিন্তা-চেতনা-মননে আমরা একে অপরের অত্যন্ত আপন।
এই সুসম্পর্ক আগামী দিনে খুবই যত্নের সঙ্গে লালন করবেন বলে উল্লেখ করেন তৃণমূল নেত্রী।
তিনি বলেন, ‘বাংলার মানুষ বরাবর আমাদের ওপর আস্থা রেখেছেন, আবার রাখলেন। জনগণের এই ভরসা ও ভালোবাসাকে আমরা যোগ্য সম্মান দেবো। সুখে-দুঃখে সবসময় তাদের পাশে থাকব।’
ড. মোমেন ও তার পরিবারের সদস্যদের শারদীয় দুর্গা পূজার আগাম শুভেচ্ছাও জানান মমতা ব্যানার্জি।
