কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১১:৩৪ পিএম

রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। নিহতের নাম ঠিকানা জানা যায়নি।

মঙ্গলবার রাত ৯ টার দিকে প্রিন্স হোটেলের সামনে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পথচারীরা প্রথমে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ওই অজ্ঞাতনামা ব্যক্তিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে উদ্ধার করে নিয়ে যাওয়া রাকিব ও হৃদয় নামে দুই যুবক জানান, ওই ব্যক্তি প্রিন্স হোটেলের সামনে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তখন আশপাশের লোকজন জানান, ওই ব্যক্তি বাইসাইকেল চালিয়ে প্রিন্স হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় তাকে ছিনতাইকারীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখ যায়।

ঢামেকের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, উদ্ধারকারীরা জানিয়েছেন, তাকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের নাম ঠিকানা এখনো জানা যায়নি।

নিহত পকেট থেকে একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। সেখানে একটি পেনড্রাইভ ও কিছু টাকাপয়সা পাওয়া গিয়েছে। তার কাছে কোনো মোবাইল পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত