জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিক বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন, রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতে ইতিমধ্যে বড় আকারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে দুটি ভাসমান টার্মিনাল ও পুনঃ গ্যাসে রূপান্তরকরণ ইউনিটের (এফএসআরইউ) মাধ্যমে এলএনজি আমদানি করা হচ্ছে।’
গতকাল মঙ্গলবার জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং এশিয়া-প্যাসিফিক এনার্জি রিসার্চ সেন্টার যৌথভাবে আয়োজিত ‘১০ম এলএনজি উৎপাদক-ভোক্তা সম্মেলন’-এ ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, গ্যাস সেক্টর মাস্টারপ্ল্যান-২০১৭ অনুযায়ী বাংলাদেশে ২০৩০ সালে গ্যাসের চাহিদা প্রাক্কলন করা হয়েছে ৪৬২ কোটি ২০ লাখ ঘনফুট। এর মধ্যে ২০৪১ সালে বিদ্যুৎ উৎপাদন করতেই ৩১৫ কোটি ঘনফুট গ্যাস লাগবে।
