তাইওয়ানের আকাশসীমায় উত্তেজনা নিয়ে বাইডেন-শি’র আলোচনা

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০৯:৩৯ এএম

তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমা (এডিআইজেড) লঙ্ঘনের উত্তেজনাকর পরিস্থিতির মাঝে এ বিষয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার চীনা প্রতিপক্ষ শি চিনপিং।

আল জাজিরা জানায়, মঙ্গলবার ‘তাইওয়ানের ওপর চীনের উসকানি’ নিয়ে এক প্রশ্নের জবাবে শি’র সঙ্গে আলোচনার কথা উল্লেখ করেন বাইডেন।

হোয়াইট হাউসে তিনি বলেন, তাইওয়ান বিষয়ে আমি শি’র সঙ্গে কথা বলেছি। আমরা একমত যে, তাইওয়ান চুক্তি মেনে চলবো। আমরা এটা স্পষ্ট করেছি যে, চুক্তির বাইরে তিনি অন্য কিছু করবেন বলে আমি মনে করি না।

সোমবার তাইওয়ানের প্রতিরক্ষা সীমায় রেকর্ড ৫৬টি চীনা যুদ্ধবিমান উড়ে আসে। গত শুক্রবার চীনের জাতীয় দিবসের কুচকাওয়াজ থেকে এ উত্তেজনাকর পরিস্থিতির শুরু। চার দিনে মোট ১৪৮টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেন। প্রতিক্রিয়ায় নিজের যুদ্ধযান উড়ায় গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপরাষ্ট্রটি।

তাইওয়ানকে বরাবরই নিজেদের অঞ্চল বলে দাবি করে আসছে চীন। প্রয়োজনে বল প্রয়োগ করে দখলে নেওয়ার হুমকিও দিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলো সীমানা লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেছে। তবে ২০২০ সালের তুলনায় চলতি বছরে তা দ্বিগুণ হয়েছে।

বুধবার প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং বলেন, সীমানা অতিক্রমের এই উত্তেজনাকর পরিস্থিতি ৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। এই হুঁশিয়ারিও দেন, বেইজিং ২০২৫ সালের মধ্যে তাইওয়ানে পূর্ণ মাত্রায় আক্রমণ চালাতে সক্ষম হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলে তাইওয়ানের সামরিক ও রাজনৈতিক সহায়তার সবচেয়ে বড় উৎস দেশটি। আবার এ নিয়ে ওয়াশিংটন-বেইজিংয়েরও কোনো নির্দিষ্ট ‘চুক্তি’ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত