পটুয়াখালীর কলাপাড়ায় ৫৪টি সামুদ্রিক কচ্ছপসহ তোতা আকন (৪৮) ও তার ছেলে রম্নবেল (২৬) আকনকে আটক করেছে আন্ধারমানিক কোস্টগার্ড।
মঙ্গলবার রাত ২টায় পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন নতুন কাঠপট্টি এলাকার নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।
বুধবার দুপুর ২টায় উদ্ধার কচ্ছপ ও আটক দুই ব্যক্তিকে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান জানান, আটক বাবা-ছেলে দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায় জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
কলাপাড়া উপজেলা বন সংরক্ষক কর্মকর্তা আবদুস সালাম মিয়া জানান, এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে।
উদ্ধার কচ্ছপ আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।
