পল্লবীর বহুল আলোচিত টাকা, স্বর্ণালংকার ও সার্টিফিকেট নিয়ে নিখোঁজ হওয়া তিন ছাত্রীকে আবদুল্লাহপুর বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-৪।
বুধবার র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল দেশ রূপান্তরকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, এই তিন ছাত্রী স্বেচ্ছায় বাড়ি ছাড়েন। তারা ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন এলাকায় ঘুরছিলেন। তাদের কক্সবাজারেও দেখা গেছে।
গত বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে তারা নিখোঁজ হয় বলে পরিবারের অভিযোগ। তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ নিজেদের সার্টিফিকেটও সাথে করে নিয়ে যান। এ ঘটনায় শনিবার পল্লবী থানায় মামলা করে নিখোঁজ এক ছাত্রীর পরিবার।
মামলার চার আসামিকে গ্রেপ্তারও করে পুলিশ। তবে তাদের কাছ থেকে তাদের নিখোঁজের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ তিনজন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তারা আলাদা কলেজের শিক্ষার্থী হলেও একই এলাকায় বসবাস করতেন। তারা পরস্পরের পূর্ব পরিচিত।
